প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখছে উল্লেখ করে তাদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের প্রতি রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে। তাদের দক্ষ করে তুলতে সরকার কাজ শুরু করেছে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশে কর্মসংস্থানের অভাবে তরুণেরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি। তিনি বলেন, নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। এ জন্য প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও তাঁদের কল্যাণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
গত ১৭ বছরে দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল ও আমদানিনির্ভর করে তোলা হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তার ভাষ্য, এ সময়ে দেশ থেকে সম্পদ পাচার হয়েছে। ফলে বর্তমান সরকারকে ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করতে হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, এর আগে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। এবারও সংগ্রামের মধ্য দিয়ে সফল হতে হবে।
প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর কথাও জানান তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ লড়াইয়ে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া ‘অভিবাসন দশক’ কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে প্রবাসীকল্যাণমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।