গণহত্যা ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগে সংযম নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফ্রান্স ও মেক্সিকোর যৌথভাবে নেওয়া এ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে ঢাকা।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার প্যারিসে দেশটির ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এ প্রতিশ্রুতি দেন।
বৈঠকে আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে চলমান উদ্যোগগুলো আরও কার্যকর করার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
ফরাসি-মেক্সিকান উদ্যোগটির মূল লক্ষ্য হলো, গণহত্যা কিংবা বড় ধরনের নৃশংসতার ঘটনায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যেন ভেটো ক্ষমতা ব্যবহারে স্বেচ্ছায় সংযম দেখান। এর ফলে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখা দিলে ভেটোর কারণে নিরাপত্তা পরিষদের কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা সম্ভব হবে।
এ উদ্যোগকে এগিয়ে নিতে এবং জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ব্যাপক সমর্থন তৈরিতে সাধারণ পরিষদের ভেতরে যৌথভাবে কাজ করার বিষয়েও দুই মন্ত্রী আলোচনা করেন।
বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা হয়। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক রায়ের পর অপরাধের দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধে বাংলাদেশ ও ফ্রান্স তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও গবেষণায় একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।