দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাই ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। আগামী নভেম্বরের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ (এনসিডি) কর্নার পরিদর্শন ও ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অসংক্রামক রোগের ঝুঁকি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশে ৭২ শতাংশের বেশি মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি মানুষের মৃত্যু হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকে। এসব রোগের ঝুঁকি কমাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি এনসিডি কর্নারে সারা বছর ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শাহজাদপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ৫ হাজার ১৮২ জন নিবন্ধিত রোগী নিয়মিত স্বাস্থ্যসেবা নেন। তবে ওষুধের অনিয়মিত সরবরাহের কারণে তাঁদের ফলোআপ সেবা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে ওষুধ সরবরাহের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী।