সাপের কামড়ে মৃত্যু কমাতে এবার নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় প্রজাতির বিষধর সাপের বিষ নিয়ে গবেষণা এবং কার্যকর অ্যান্টিভেনম তৈরিতে ব্যয় করা হবে প্রায় ৪৪ কোটি টাকা।
সাপের কামড়ের চিকিৎসায় বিদেশি অ্যান্টিভেনমের ওপর নির্ভরতা কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারকে আধুনিক ও পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন বছর মেয়াদি এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ টাকা, যার সম্পূর্ণ অর্থ আসবে সরকারি তহবিল থেকে।
‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ’ নামের প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিষধর সাপের প্রজাতি অনুযায়ী নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির গবেষণা অবকাঠামো গড়ে তোলা। পাশাপাশি সাপের বিষ সংগ্রহ, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য বিশ্লেষণ, বিষক্রিয়া নিয়ে গবেষণা এবং চিকিৎসাসংক্রান্ত আন্তর্জাতিক মানের পরীক্ষাগার প্রতিষ্ঠা করা হবে। চিকিৎসকদের জন্য নির্দেশিকা তৈরি, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সাপের কামড়ের রোগীদের তথ্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের জাতীয় জরিপে উঠে এসেছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। প্রাণ হারান আনুমানিক ৭ হাজার ৫০০ জন। আক্রান্তদের বড় অংশ ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ। ফলে এ ধরনের মৃত্যু শুধু পরিবারের সদস্য হারানোর বেদনা নয়, অনেক ক্ষেত্রে জীবিকার ওপরও বড় আঘাত হয়ে আসে।
বর্তমানে দেশে ব্যবহৃত অ্যান্টিভেনমের বড় অংশ ভারত থেকে আমদানি করা হয়। এটি ভারতের চারটি প্রধান বিষধর সাপের প্রজাতির বিষের বিরুদ্ধে তৈরি। কিন্তু বাংলাদেশের সাপের প্রজাতি ও বিষের বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য না থাকায় এর কার্যকারিতা আনুমানিক ৪০ থেকে ৬০ শতাংশ বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতেই স্থানীয় সাপের বিষের ওপর ভিত্তি করে প্রতিষেধক তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভেনম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জানান, দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্য নিয়ে ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে ২০২৪ সালে সংশ্লিষ্ট কর্মসূচি ও পরিচালন পরিকল্পনা বন্ধ হয়ে যাওয়ায় এর কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নতুন প্রকল্পটি সেই সংকট কাটিয়ে গবেষণার কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।
তার দেওয়া তথ্যমতে, বর্তমানে কেন্দ্রটিতে প্রায় ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে সর্পশালা, গবেষণাগার, ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র ও কোয়ারেন্টাইন সুবিধা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা ৩৭০টির বেশি সাপের নমুনাও সংরক্ষিত আছে। গোখরা, কিং কোবরা, কালাচ, চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপারসহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে সেখানে।
বৈজ্ঞানিক পদ্ধতিতে ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে। চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির গবেষণায়ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে অর্থের অভাবে সেই কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।
প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণাগারের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও গবেষণার পরিধিও বাড়ানো হবে।
অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের মতে, কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে গড়ে উঠলে দেশের বিজ্ঞানী, প্রাণিবিজ্ঞানী ও বিষ নিয়ে গবেষণাকারীদের জন্য বিশেষায়িত গবেষণার সুযোগ তৈরি হবে। সংগৃহীত বিষ ব্যবহার করে অ্যান্টিবডি তৈরি এবং তার কার্যকারিতা পরীক্ষার মাধ্যমে দেশীয় প্রতিষেধক উৎপাদনের পথ তৈরি করা সম্ভব হবে। দীর্ঘমেয়াদে এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশের প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম সরবরাহের সম্ভাবনাও তৈরি হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যুর হার ৫০ শতাংশ কমানোর বৈশ্বিক লক্ষ্যের সঙ্গেও প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, উদ্যোগটি সফল হলে সাপের কামড়ের চিকিৎসায় দেশের সক্ষমতা বাড়বে এবং বহু মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।