বগুড়ার শিবগঞ্জে এক শ্রবণপ্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে নিজ বাড়িতে ফিরে গেছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে সরকারি সফরে ঢাকা থেকে নিজের সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তার সঙ্গে গাড়িতে স্ত্রীও ছিলেন।সকাল ৯টার দিকে গাড়িটি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছালে ফিরোজা নামে প্রায় ৬০ বছর বয়সী এক শ্রবণপ্রতিবন্ধী নারী হঠাৎ গাড়িটির সামনে চলে আসেন।

তাকে ধাক্কা এড়াতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে রাস্তার পাশের ধানখেতে নামিয়ে দেন। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী আব্দুল বারী আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান।এ ঘটনায় ফিরোজা নামের ওই নারীও কিছুটা আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে।শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় নারীটি সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।