প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে  আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি নীতিমালায় বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায়  শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে  নীতিমালাটি প্রকাশ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে এক ঘন্টার পরীক্ষা নেওয়া হবে। মোট ৫০ নম্বরের  মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর নির্ধারিত থাকবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা হবে দুই ঘণ্টার।  ১০০ নম্বরের  মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর নির্ধারিত থাকবে।
অনলাইনে ভর্তির আবেদন ফরমের ক্ষেত্রে  প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির বেলায় সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করতে হবে। প্রথম শ্রেণিতে ৬ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। তবে বিশেষ চাহিদাসম্মপন্ন শিক্ষার্থীর বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।