পরিচ্ছন্ন পরিবেশ ও নির্মল বাতাস নিশ্চিত না হলে পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।
শনিবার রাজধানীর হাতিরঝিলে মিডিয়া রান-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বি ওয়াই কমিউনিকেশন আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’।
মন্ত্রী বলেন, বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় দেশের জন্য বড় চ্যালেঞ্জ। পর্যটন বিকাশে এসব সমস্যা মোকাবিলা করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পর্যটন কেবল নতুন কোনো স্থান ঘুরে দেখার বিষয় নয়; এর মধ্য দিয়ে প্রকৃতি, দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানুষের পরিচয় ঘটে। বাংলাদেশের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি অমূল্য সম্পদ। এসব সংরক্ষণ করা গেলে পর্যটনশিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে।
দেশের পর্যটন উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। হাতিরঝিলের মতো কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রেও এ ধরনের আয়োজন করার আহ্বান জানান তিনি।
পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ দৌড় প্রতিযোগিতায় সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান—দুটি বিভাগে প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশ নেন। তাদের মধ্যে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ ছিলেন। দৌড়ের মাধ্যমে পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন এবং নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী।