ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদমাধ্যম ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে হঠাৎ করেই দেখা গেছে রাজনৈতিক বক্তব্য ও সহিংসতার বিভিন্ন দৃশ্য। নিয়মিত সংবাদ পরিবেশনের পরিবর্তে সাইটটিতে পুলিশের ছবি, সংঘর্ষের দৃশ্য এবং ৫ আগস্টকে কেন্দ্র করে লেখা একটি রাজনৈতিক বার্তা প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় ওয়েবসাইটটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শনিবার দিবাগত রাতে সাইটটিতে প্রবেশ করে এ পরিবর্তন লক্ষ্য করা যায়। ওয়েবপেজে ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবির পাশাপাশি অন্যান্য আপত্তিকর দৃশ্যও দেখা যায়। এ সময় ওয়েবসাইটের পেছনে সংগীত বাজতেও শোনা যায়।
ঘটনার পর থেকে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তবে এটি হ্যাকিংয়ের ঘটনা, নাকি অন্য কোনো কারিগরি সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিএমপি নিউজ মূলত ঢাকা মহানগর পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে পুলিশের বিভিন্ন অভিযান ও কার্যক্রম, অপরাধসংক্রান্ত তথ্য, জনসচেতনতামূলক বার্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে অস্বাভাবিক পরিবর্তনের বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।




