শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ সুবিধার সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর হবে এবং শেখ হাসিনাকে ফিরতে হলে মানতে হবে প্রত্যর্পণ চুক্তি।
জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফুলের পাপড়ি ছিটিয়ে কিংবা লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার চিন্তা যারা করছেন, তারা বাস্তবতা থেকে দূরে রয়েছেন। তাকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির পথেই এগোতে হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে সরকার কোনো ছাড় দেবে না। বাংলাদেশের আইন যেমন সবাইকে মানতে হবে, তেমনি অন্য দেশের আইনকেও সম্মান জানানো প্রয়োজন।
ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী জানান, বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। পরিকল্পনা প্রণয়নের প্রাথমিক ধাপ ইতোমধ্যে অতিক্রম করেছে প্রকল্পটি। এটি বাস্তবায়িত হলে বিভাগের প্রতিটি উপজেলার মানুষ উন্নয়নের সুফল পাবে। সড়ক, সেতু এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণের বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থতা, আর্থিক সংকটসহ নানা দুর্যোগে সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়। এ খাতে বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্যও সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তার দাবি, আগে ঢাকায় যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে দাঁড়িয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন অগ্নিসন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের তৎপরতা প্রতিরোধে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে তাদের সক্রিয় থাকার প্রত্যাশা করেন তিনি।
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বক্তব্য দেন।
এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।



