নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটির নির্বাচনে অংশগ্রহণ বা রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই। আইন অনুযায়ী দলীয় সভা-সমাবেশ কিংবা কার্যালয় পরিচালনারও সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান ব্যাখ্যা করে মীর শাহে আলম বলেন, আগের শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা।তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান উদ্দেশ্য। জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

এবারের নির্বাচন পদ্ধতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, সংশোধিত আইনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীক ব্যবহারের ব্যবস্থা থাকছে না।এর আগে তিনি শিবগঞ্জ মোকামতলা উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন।