বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কোনো শহরের। বরং এক বছরের ব্যবধানে দেশের প্রায় সব বড় শহরের বৈশ্বিক অবস্থান পিছিয়েছে। সবচেয়ে বড় পতন হয়েছে রাজশাহীর—৬৬ ধাপ পিছিয়ে শহরটির অবস্থান এখন ৭৭৯তম। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের ১৬৩টি দেশের এক হাজার শহরকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন—এই পাঁচ সূচকে মূল্যায়ন করা হয়েছে।
তালিকায় বাংলাদেশের আট শহরের মধ্যে সবচেয়ে এগিয়ে ঢাকা। রাজধানীর অবস্থান ৫১৫তম, যা গত বছরের ৪৮২তম অবস্থানের তুলনায় ৩৩ ধাপ পিছিয়েছে। চট্টগ্রাম ৭৬৩তম, রাজশাহী ৭৭৯তম, খুলনা ৮১১তম, সিলেট ৮৩৪তম, ময়মনসিংহ ৮৯৫তম এবং বগুড়া ৯২৬তম অবস্থানে রয়েছে। কুমিল্লা আগের বছরের মতো ৮৮৩তম অবস্থান ধরে রেখেছে। অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে অর্থনীতির জন্য ৩০, মানবসম্পদের জন্য ২৫, জীবনযাত্রার মানের জন্য ২৫ এবং পরিবেশ ও শাসনের জন্য ১০ নম্বর করে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
নির্দিষ্ট কিছু সূচকে বাংলাদেশের শহরগুলোর মধ্যে ঢাকা তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। অর্থনৈতিক সূচকে রাজধানীর অবস্থান ২৮৬তম এবং মানবসম্পদ সূচকে ১৭৮তম। তবে পরিবেশ সূচকে ঢাকার অবস্থান ৯৩০তম। চট্টগ্রাম ৯২৪তম, ময়মনসিংহ ৯৪০তম এবং খুলনা ৯৭৪তম অবস্থানে রয়েছে। এ সূচকে বাংলাদেশের শহরগুলোর মধ্যে তুলনামূলক এগিয়ে সিলেট, যার অবস্থান ৭৩৫তম।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ, জলাবদ্ধতা, পানির সংকট, সবুজ কমে যাওয়া, অপরিকল্পিত নির্মাণ ও নগরায়ণের চাপ বাংলাদেশের শহরগুলোর পরিবেশগত অবস্থানকে দুর্বল করছে। রাজশাহীর ক্ষেত্রেও বায়ুদূষণ, গাছপালা কমে যাওয়া, তীব্র গরম, পানি সংকট ও নদীদূষণকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জীবনযাত্রার মানের সূচকে বাংলাদেশের শহরগুলোর মধ্যে এগিয়ে রাজশাহী, বিশ্বে যার অবস্থান ৫৪২তম। এরপর খুলনা ৬১২তম এবং চট্টগ্রাম ৬৫৩তম অবস্থানে রয়েছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই শহর বাসযোগ্য হয় না। গণপরিবহন, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নাগরিক সেবা ও কার্যকর নগর ব্যবস্থাপনার সমন্বিত উন্নয়ন প্রয়োজন। একই সঙ্গে ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে দেশের অন্যান্য শহরে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
সূচকে বিশ্বের শীর্ষ পাঁচ শহর হলো নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকো। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শহরগুলোর তুলনায় এগিয়ে রয়েছে ভারতের দিল্লি ২৬৮তম, বেঙ্গালুরু ৩১১তম, মুম্বাই ৩৩০তম, চেন্নাই ৩৮১তম ও হায়দরাবাদ ৪২১তম অবস্থানে।