দেশের সাত জেলায় নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় মোট ৯৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়নের সদস্যরা।
রবিবার (২২ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে এই মোতায়েন কার্যক্রম চালানো হয়েছে।
জেলা প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা বেষ্টনী এবং নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন তৎপরতা ঠেকাতেও কাজ করছেন তাঁরা।
পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা। ড্রোন ও সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরাসহ আধুনিক সরঞ্জাম থেকে পাওয়া সরাসরি ভিডিও চিত্রের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও সদস্যরা সতর্ক রয়েছেন। মানুষের জানমাল সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।




