দেশে হাম পরিস্থিতির উদ্বেগজনক চিত্র অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। তাদের একজন চট্টগ্রামের এবং অন্যজন নোয়াখালীর। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।

একই সময়ে নতুন করে ১ হাজার ১১১ জনের মধ্যে হাম বা হামসদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৭ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।