সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দিয়ে অন্য প্রতিষ্ঠানকেও সুযোগ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি প্রান্তিক তাঁতিদের কাছে সহজে সুতা, রং ও অন্যান্য কাঁচামাল পৌঁছে দিতে কার্যকর সরবরাহব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম এবং কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনা করা হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা এবং সরকারি কাজে সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা। টেন্ডার প্রক্রিয়ায় একক প্রতিষ্ঠানের ওপর বারবার নির্ভর না করে অন্য প্রতিষ্ঠানগুলোকেও সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়।
তাঁতশিল্পের উৎপাদন ব্যয় কমানো ও প্রান্তিক তাঁতিদের সুবিধা বাড়াতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলারের মাধ্যমে সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দিনাজপুরের রাণীর বন্দরে তাঁত বোর্ডের কার্যালয়ের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমির ব্যবহার নিয়েও আলোচনা হয়। জমিগুলো লিজ বা অন্য কোনো উপায়ে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় কমিটি।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




