স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এসব ভালো অভ্যাস নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে উঠে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
ঢাকা শহরের নাগরিক সেবা ও পানির সরবরাহ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ নদীর পানি শোধন করে সংগ্রহ করা হয়। মাটির নিচের পানির ওপর চাপ কমাতে এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সরকার আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করার নতুন প্রকল্প হাতে নিয়েছে বলে জানানতিনি ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন ডি’র ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণের পাশাপাশি পুষ্টির দিকেও নজর দেওয়া উচিত। একইসাথে সুস্থতার জন্য খেলাধুলার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া, শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ Malalay Ahmadzai,বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি Dr. Rajesh Narwal ও ইউনিসেফের চিফ অব ওয়াশ Peter Maes। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। পরে শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানো হয়।
শেষে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও উপনির্বাচনে যেমন সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তেমনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে সরকার। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার বলেও জানান।




