জনস্বার্থে নেওয়া বিভিন্ন প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভরশীল না থেকে নতুন অর্থনৈতিক মডেলের মাধ্যমে বিকল্প উৎস খুঁজছে সরকার। পাশাপাশি নাগরিক সুবিধাসংক্রান্ত প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণে বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল চালুর লক্ষ্যে ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, জনস্বার্থের প্রকল্পগুলো বাস্তবায়ন ও পরিচালনায় অর্থায়নের ক্ষেত্রে সরকার নতুন পদ্ধতি ও উৎসের দিকে নজর দিচ্ছে। নাগরিকদের জন্য নেওয়া প্রকল্পগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বেসরকারি কোম্পানি এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীকেও আলাদাভাবে যুক্ত করা হচ্ছে।চট্টগ্রামের নদী ও খালগুলোকে পণ্য পরিবহনের কাজে ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করার ক্ষেত্রেও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় শুরু হওয়া পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, উপযুক্ত মডেল অনুসন্ধান এবং তা পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে বক্তব্য দেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
জনকল্যাণমূলক প্রকল্পে অর্থায়নে নতুন উৎস খুঁজছে সরকার: আমীর খসরু
জনস্বার্থে নেওয়া বিভিন্ন প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভরশীল না থেকে নতুন অর্থনৈতিক মডেলের মাধ্যমে বিকল্প উৎস খুঁজছে সরকার।
প্রিয় বাংলাদেশজাতীয়


