জ্বালানির দাম সমন্বয়ের প্রভাব যাতে পণ্যের বাজারে অস্বাভাবিকভাবে না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি কনভেনশন হলে ব্যবসায়ী সমিতির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরকারকে জ্বালানির দাম সমন্বয় করতে হয়েছে। তবে এর সুযোগ নিয়ে কোনো পণ্যের দাম যেন অযৌক্তিকভাবে বাড়ানো না হয়, সেজন্য বাজার পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে অনুষ্ঠানে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপের কথাও জানান মন্ত্রী।খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট-ঢাকা ছয় লেন সড়কের কাজ এগিয়ে চলছে এবং ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।