দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন তাঁরা।
সমাবেশস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে মূল মঞ্চে আসন গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সামনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।