জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে যান তিনি। সেখানে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমানসহ উপস্থিত নেতারা। মোনাজাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করার কর্মসূচি রয়েছে। এতে দলের চেয়ারম্যান তারেক রহমানের পায়ে হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
কর্মসূচিকে ঘিরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। শোভাযাত্রা সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো প্রস্তুতি নিয়েছে।