মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস লেখার ক্ষেত্রে রাজনীতিবিদদের প্রাধান্যের কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে আসেনি। শনিবার রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে স্পিকার বলেন, একাত্তরের যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের অবদানও ইতিহাসে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। যুদ্ধের সময় রেজিমেন্টটির নেতৃত্বে অনেকেই ঐক্যবদ্ধ হয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে নিজের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন স্পিকার। পরে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।