দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মসংস্থান উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে উচ্চশিক্ষিত বেকার থাকলেও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট সংস্থায় কাজের জন্য বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম কর্মী তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থান উপযোগী জনশক্তি তৈরি করা। এ জন্য উচ্চশিক্ষাব্যবস্থাকে সমন্বিতভাবে সাজাতে হবে, যাতে দেশি ও বিদেশি শ্রমবাজারের চাহিদা পূরণ করা যায় এবং কেউ বেকার না থাকে।
সাক্ষাৎকালে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মওকুফের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
এ সময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম জানান, বিশ্ববিদ্যালয়টি দাতব্য ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা চলছে। প্রতিবছর গড়ে প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ও বৃত্তি হিসেবে দেওয়া হয়। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।




