স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি বিএনপি করে না। জনগণের সমর্থন নিয়ে দলটি অতীতেও মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নগরবাসীর মধ্যে ডেঙ্গু সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনপ্রতিনিধিদের কেউ জনগণের স্বার্থবিরোধী কাজে জড়িত হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সাম্প্রতিক উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের মনোভাব নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। বিএনপি দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাস করে। সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ সমস্যার মতো বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের সেবায় কাজ করছেন। নিরাপদ পানি, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন নগর গড়ার উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করে তোলার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, টিকাদান, পরিবার পরিকল্পনা, পুষ্টি, অসংক্রামক রোগ ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।