দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৯৯।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫৭ জন। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের মধ্যে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে মোট ১ লাখ ৬৬ হাজার ৪৬১ শিশুর শরীরে। এদের মধ্যে ১৯ হাজার ৮৩৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।