রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিস্থিতি আইনশৃঙ্খলার জন্যও উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন তিনি।রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসি ফাউন্ডেশন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। মাদকসহ বিভিন্ন ইস্যুতে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নেতিবাচক পরিবেশ আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়। এ কারণে ক্যাম্পগুলোর সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের উপস্থিতির কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ব্যাপক সমস্যা ও ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ক্যাম্পগুলো যত বেশি জনবহুল হবে, সংকট তত বেশি জটিল হয়ে উঠবে।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আগ পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার মতে, মানবিক সহায়তা কোনোভাবেই স্থায়ী সমাধান নয় এবং এটি প্রত্যাবাসনের বিকল্প হতে পারে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে দ্রুত ফেরত পাঠাতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে আরও কার্যকর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি যেন অন্য কোনো আন্তর্জাতিক ইস্যুর আড়ালে চাপা পড়ে না যায়—বাংলাদেশ এমনটাই আশা করে।