জাপানের সঙ্গে বাংলাদেশের বিগ-বি (বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয়) উদ্যোগ নিয়ে আলোচনায় অন্য কোনো দেশকে কেন্দ্র করে কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির পাশাপাশি ছয়টি সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান, সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাবের বিভিন্ন খাত এবং বাস্তবায়নযোগ্য বিষয়গুলো পর্যালোচনা করতে শিগগিরই বাংলাদেশে একটি ইকোনমিক মিশন পাঠাবে জাপান।
অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতিতেই বাংলাদেশ আলোচনা করবে বলে জানান হুমায়ুন কবির। তিনি আরও বলেন, দেশের জনগণ ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক এবং চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেশের মাটি ও মানুষের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো চুক্তিতে সরকার যাবে না।




