পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি ও কারখানার মালিকদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিক নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় যোগ দিয়েছেন।
এদিকে মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে সাভারেও। আশুলিয়া এলাকায় শত শত পোশাকশ্রমিক সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান।
শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সচিবালয়ের এই বৈঠকে শ্রমিকদের দাবি এবং চলমান সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।