পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দিয়েছেন তিনি। 

এ নির্দেশ এমন সময় দেওয়া হলো,  যখন পোশাক খাতে ন্যুনতম মুজরী ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। চলমান  শ্রমিক অসন্তোষ নিরসন এবং পোশাক খাতের অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে  সংশ্লিষ্টদের নিয়ে রোববার বৈঠক করেন  প্রধানমন্ত্রী। সেই বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

এর আগে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর কয়েক ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার।

প্রাপ্ত তথ্যমতে, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী । তবে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে  সময় লাগে শ্রম মন্ত্রণালয়ের। এতে বোর্ড গঠনেও বিলম্ব হয়।

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একদিকে মজুরি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে, অন্যদিকে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা শুরু করেছে।