সরকারি কার্যক্রম বাস্তবায়নে অসহযোগিতা ও দায়িত্ব পালনে অবহেলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে, সেগুলোর কারণ অনুসন্ধানের পরামর্শ দিয়েছে কমিটি। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সরকারি কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে অবহেলাকারীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়ানো এবং নাগরিকদের সেবা সহজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কমিটির সভাপতি সাঈদ আহমেদ বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক কিংবা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকলে তা কমিটির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। প্রয়োজনীয় তথ্য, সংশ্লিষ্ট নথিপত্র ও বাস্তব পরিস্থিতি গোপন না করে উপস্থাপনের ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, নাগরিক সেবা দ্রুত ও সহজলভ্য করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবার কার্যকর ব্যবহার বাড়ানো গেলে নাগরিকদের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় করা সম্ভব। এ জন্য সরকারি সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের ধরনেও পরিবর্তন আনার আহ্বান জানান কমিটির সভাপতি। তিনি বলেন, সমস্যা সমাধানে প্রচলিত চিন্তাভাবনার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
সরকারি কর্মচারীদের দায়িত্বের বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠীর কর্মচারী নন; তারা প্রজাতন্ত্রের কর্মচারী। সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করে সবার সম্মিলিত দায়িত্ব পালনের জায়গা হিসেবে দেখার আহ্বানও জানান তিনি।
বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীসহ কমিটির সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। সরকারি কাজে গতি আনা, প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলা রোধ এবং নাগরিক সেবার মান বাড়ানোর লক্ষ্যেই কমিটি এসব সুপারিশ করেছে।




