মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জাতীয় তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে এসব ঐতিহাসিক ঘটনা নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্য দলিল নির্মাণের বিষয়টি বৈঠকে আলোচনায় আসে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মান, সামাজিক প্রভাব এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। কমিটির অভিমত, বিটিভিকে বাণিজ্যিক চ্যানেলের আদলে পরিচালনা করা নয়, বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত এর লক্ষ্য। এ জন্য প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও দায়িত্ব আরও সুনির্দিষ্ট করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সংবাদ পরিবেশনে গুরুত্ব ও প্রাসঙ্গিকতা এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়।
মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় গত ১৭ বছরে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। এ সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
বৈঠকে বিটিভি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও স্বাধীনভাবে উদ্যাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সবার প্রতি সুপারিশ জানানো হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও কমিটির সদস্যরা অংশ নেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তরগুলোর মহাপরিচালক, বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




