নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। শনিবার (১৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি হত্যাকাণ্ডে জড়িত পরিকল্পনাকারী, সহযোগী ও সরাসরি জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপিটিভি ‘রূপসী বাংলা’র প্রতিনিধি আলিফ ফকির। সাংবাদিকতার পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হতো।
কিউআরএসের বিবৃতিতে দাবি করা হয়, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে আলিফ ফকির দীর্ঘদিন ধরে নিরাপত্তাঝুঁকিতে ছিলেন। ২০২৫ সালের নভেম্বরে তার ওপর হামলার ঘটনাও ঘটেছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তার নিরাপত্তাঝুঁকি সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসন অবগত ছিল বলেও দাবি করেছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে তার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না এবং আগের হামলার ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিককে হত্যা করা শুধু অপরাধমূলক ঘটনা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের স্বাধীন মতপ্রকাশের অধিকারের জন্যও উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হলে অপরাধীচক্রের মধ্যে দায়মুক্তির প্রবণতা বাড়তে পারে এবং অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হতে পারে।
হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে কিউআরএস। একই সঙ্গে আলিফ ফকিরের ওপর আগের হামলার অভিযোগ তদন্ত, পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না তা যাচাই এবং মামলার সাক্ষী, নিহতের পরিবার ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সারা দেশে অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের ঝুঁকি মূল্যায়ন, নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, সাংবাদিকদের ওপর সহিংসতা ও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ এবং সুরক্ষায় কাজ করার লক্ষ্যে ২০২৬ সালের ১ জানুয়ারি সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে কিউআরএস গঠিত হয়।