ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের ছবি নিয়ে করা পোস্টে সহিংসতাসূচক মন্তব্য করার অভিযোগে মো. আবু বকর সিদ্দিক (২২) নামে এক তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে বলেও জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক ইয়াছিন পাইকের আবেদনে বলা হয়, গত ২১ অক্টোবর ফেসবুকের ‘দ্য বিউটি অব রাজশাহী’ গ্রুপে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বাসের তিনটি ছবি প্রকাশ করা হয়। পোস্টে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইশ, একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করার পর রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছিল।
তবে প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিকের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন পর্যালোচনায় বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্যের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়েছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলা করেন।




