খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কেডিএর প্রধান প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে রয়েছেন প্রকল্পের সঙ্গে যুক্ত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বর্তমান ও সাবেক প্রকৌশলীরা। দুদকের জনসংযোগ দপ্তর বৃহস্পতিবার (২২ অক্টোবর) মামলার তথ্য জানায়। এর আগে সোমবার কমিশন মামলা করার অনুমোদন দেয়।
কেডিএর প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলম ছাড়াও মামলার আসামিরা হলেন আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান মো. আতাউর রহমান, মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান, কেডিএর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস ও উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
দুদকের ভাষ্য অনুযায়ী, লবণচরা এলাকার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পের পরিকল্পনা অনুসারে সড়ক নির্মাণ না করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
এর আগে খুলনা সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কটির নির্মাণকাজ দীর্ঘ ১৩ বছরেও শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।




