ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ মন্তব্য করে আলোচনায় আসা ময়মনসিংহের ভালুকার নারী ব্যবসায়ী সাথী আক্তার জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদুল ইসলামের আদালত শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে আদালতের হাজতখানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
আদালত পুলিশের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, সাথী আক্তারের জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ অংশ নেন।
ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ‘সাথী বিউটি পার্লার’ পরিচালনা করেন সাথী। গত রোববার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিকবার তার চুরির ঘটনায় হতাশা ও ক্ষোভ জানিয়ে ফেসবুকে দুটি লাইভ করেন তিনি। প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করার কথা জানিয়ে সাথী বলেন, সম্প্রতি তার দোকানগুলোতে ধারাবাহিক চুরির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরদিন সোমবার বিকেলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাথীকে থানায় নেওয়া হয়েছিল। তার বক্তব্য রাষ্ট্রবিরোধী নয় বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার আহমেদ জানান, বিএনপিকে নিয়ে মন্তব্যের পর স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুনের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কাউকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।




