ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি মানি লন্ডারিং মামলার তদন্ত করছে। ওই মামলার অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব তাকে গ্রেপ্তার করে। পরে একাধিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর গত বছরের ১ অক্টোবর তিনি কারামুক্ত হন।