জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন আসামিপক্ষ। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, জহিরুল আমিনসহ অন্যরা।
মামলাটিতে বর্তমানে পাঁচ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। অন্য আসামিদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ১৭ জন পলাতক রয়েছেন।
এর আগে ৫ এপ্রিল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৭ এপ্রিল তা আমলে নেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, মামলায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।