দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত কিংবা রোগটির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৯ জন। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন আরও ১০৪ জন।
বুলেটিনের তথ্য বলছে, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১২২ জনের শরীরে। এ সময়ে হাম বা সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এসব পরিসংখ্যানে দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে।




