দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও একটি সমাবেশে যোগ দিতে আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পাশাপাশি বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যস্ত সময় পার করছেন। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার রাজশাহীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে নগরীর মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। একই অনুষ্ঠানে রাজশাহী বিভাগের অন্তত দেড় হাজার আখচাষির মধ্যে প্রণোদনা বিতরণের পরিকল্পনাও রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে। এ লক্ষ্য সামনে রেখে মাদরাসা মাঠ প্রস্তুত করা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করতে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনকে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। সফর ঘিরে তাঁদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। চলতি বছরের ২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাজশাহী এসেছিলেন তারেক রহমান।
এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সফরকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে। তাঁরা আশা করছেন, এ সফরে রাজশাহীর উন্নয়ন এবং স্থানীয় মানুষের বিভিন্ন দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা যাবে। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা, মহানগর ও বিভাগের নেতারা সমন্বিতভাবে কাজ করছেন। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ৩টায় সমাবেশ শেষে বিশেষ বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




