পর্দায় বাস্তব অনুভূতি ফুটিয়ে তুলতে কতটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, তারই নজির দেখালেন বলিউড তারকা সালমান খান। নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর একটি দৃশ্যের জন্য তাকে টানা আড়াই দিন বরফশীতল পানিতে শুটিং করতে হয়েছে।
সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন, দৃশ্যটি ধারণের জন্য প্রথমে মুম্বাইয়ের একটি স্টুডিওতে কৃত্রিম পরিবেশ তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু সালমানের সঙ্গে আলোচনা করে বাস্তব লোকেশনে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর শুরু হয় কঠিন প্রস্তুতি। প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা পানির মধ্যে থাকতে হয়েছে সালমানসহ শুটিং দলের সদস্যদের। বিরতির সময়ও ভেজা পোশাকেই খাবার খেতে হয়েছে তাদের।
পরিচালক জানান, দৃশ্য ধারণের সময় সালমান ও তার সহশিল্পীদের কাঁপুনি কোনো অভিনয় ছিল না। প্রচণ্ড ঠান্ডায় তারা সত্যিই কাঁপছিলেন। এক দিনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শুটিং গড়ায় আড়াই দিনে।
সালমান খানের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। আগামী ৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন সিনেমায় সালমানের এই ব্যতিক্রমী শুটিং অভিজ্ঞতা ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।




