স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। পরিবার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় আক্ষেপ করে প্রশ্ন করেন, ‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিএফডিসির মাঠে সাংবাদিকদের সঙ্গে জরুরি আলাপে নিজের পরিবারের বিষয়ে ছড়িয়ে পড়া খবরের ব্যাখ্যা দেন ওমর সানী। তিনি বলেন, এসব বিষয় নিয়ে তার ছেলে ফারদিনও কথা বলেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা মাকে বাসা থেকে বের করে দিয়েছেন। ওমর সানী এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী, ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং স্ত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই বলেও জানান তিনি।
এর আগে ফারদিনও মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানান। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরিয়ে নেওয়ার সময়সীমা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরিবারের বিরুদ্ধে প্রচারিত পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। পরে ছেলের পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে সমর্থন জানান ওমর সানী। এবার সরাসরি সাংবাদিকদের সামনে এসে পরিবারকে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানালেন এই চিত্রনায়ক।




