বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বিমানবন্দরে এক শিশুভক্তের প্রতি তার স্নেহের প্রকাশ নজর কেড়েছে। চারপাশে কড়া নিরাপত্তাবেষ্টনী, সামনে পাপারাজ্জিদের ক্যামেরা—এর মধ্যেই এক শিশুর আবদারে সাড়া দিয়ে তাকে চুমু দেন অভিনেতা। মুহূর্তটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায় সালমান খানকে। ‘মাতৃভূমি’ সিনেমার প্রচারসংক্রান্ত কাজ শেষে ফিরছিলেন তারা। এ সময় নিরাপত্তাকর্মীরা সালমানকে ঘিরে রাখলেও ছবি তোলার একপর্যায়ে একটি ছোট ছেলে দৌড়ে তার কাছে চলে আসে।
শিশুটিকে দেখে হাসিমুখে এগিয়ে যান সালমান। খুদে ভক্তটি চুমু দেওয়ার জন্য কাছে আসতেই অভিনেতা তার কপালে চুমু এঁকে দেন। এরপর উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে নিজের গাড়ির দিকে চলে যান তিনি।
সালমানের এই আন্তরিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, অভিনেতার হৃদয়টা সোনার মতো। আরেকজন লিখেছেন, শিশুদের প্রতি সালমানের ভালোবাসা সত্যিই অসাধারণ। কেউ কেউ তার এই আচরণকে নিষ্পাপ স্নেহের প্রকাশ বলেও উল্লেখ করেছেন।
এদিকে সাম্প্রতিক সময়ে নিজের পরিবার ও সন্তান নেওয়ার ইচ্ছা নিয়েও কথা বলেছেন সালমান। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে অতিথি হয়ে তিনি জানান, ভবিষ্যতে তিনিও সন্তান নিতে চান। সন্তানকে জীবনের অসাধারণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে এ বিষয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন অভিনেতা।
অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সালমান অভিনীত নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘাতের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে একজন সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে সালমানকে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জেসন থাম, হীরা সোহাল, অনুপ বিক্রম শাহী, জেইন শ, অভিলাষ চৌধুরী ও যশপাল শর্মাসহ অনেকে। আগামী ৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।