বলিউডের পর্দায় খলচরিত্রে পরিচিত মুখ মুকেশ ঋষিকে এবার দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। এমডি ইকবালের পরিচালনায় ‘নসিব’ ছবিতে অভিনয় করতে বুধবার ঢাকায় এসেছেন তিনি। সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন এই অভিনেতা।
বুধবার সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান মুকেশ ঋষি। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ছবির প্রযোজক আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়।
আরশাদ আদনানের গল্পের ভাবনায় তৈরি হচ্ছে ‘নসিব’। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে। শুটিংয়ের প্রয়োজনে মুকেশ ঋষি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে যাবেন বলে জানা গেছে।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে নিজের অবস্থান তৈরি করেন মুকেশ ঋষি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’-এ অভিনয় করেছেন তিনি। সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’-এর মতো সিনেমায়ও দেখা গেছে তাঁকে। এবার বাংলাদেশের সিনেমায় তাঁর উপস্থিতি নতুন সংযোজন হতে যাচ্ছে অভিনয়জীবনে।




