বাংলা ব্যান্ড সংগীতের পরিচিত মুখ শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এই সংগীতশিল্পীকে।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বন্ধু এরশাদুল হক টিংকু। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন সাহেদ আলী। প্রায় চার বছর ধরে কিডনির সমস্যার কারণে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে।
গত ২৪ অক্টোবর রক্তে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কথা বলার স্বাভাবিক ক্ষমতাও হারিয়ে ফেলেন। পরবর্তী সময়ে ডেঙ্গু, ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ এবং হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহ দেখা দেয়। একাধিক শারীরিক জটিলতায় শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ফিরতে পারেননি তিনি।
বাংলাদেশের ব্যান্ড সংগীতে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন সাহেদ আলী। ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চায় সক্রিয় ছিলেন তিনি। শ্রোতাদের কাছে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান এই শিল্পী।
তার গাওয়া ‘রোকযানা’ গানটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ গানগুলোর মাধ্যমেও শ্রোতাদের কাছে জায়গা করে নেন তিনি।
১৯৯১ সালে ‘প্রভু’ শিরোনামে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম। পরবর্তী সময়ে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।
তার মৃত্যুতে বাংলা ব্যান্ড সংগীতের একটি পরিচিত কণ্ঠের পথচলা থেমে গেল। তবে গানের মধ্য দিয়ে শ্রোতাদের মনে সাহেদ আলীর নাম ও সৃষ্টি বেঁচে থাকবে।




