মালদ্বীপ সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা ও নানা মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেছেন, একটি হোটেল ও রিসোর্টের প্রচারণামূলক কাজেই সেখানে গিয়েছিলেন।
এশিয়া পোস্টের ‘এপি গ্লামার’ অনুষ্ঠানে উপস্থাপিকা শান্তা জাহানের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন কেয়া। তিনি জানান, মালদ্বীপে যাওয়ার উদ্দেশ্য ছিল ‘টাইকন’ নামের একটি হোটেল ও রিসোর্টের প্রচারণা। সফরে তার সঙ্গে বন্ধু এবং তাদের স্ত্রীরাও ছিলেন।
কেয়ার ভাষ্য, কাজের জগৎ ও ব্যক্তিগত জীবন আলাদা রাখা উচিত। ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল কিংবা প্রশ্ন তাকে অস্বস্তিতে ফেলে। বিশেষ করে মালদ্বীপ সফরের ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে নিজেদের মতো করে নানা গল্প তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিনেত্রী বলেন, দর্শকের কাছ থেকে নিজের অভিনয়ের প্রশংসা পেলে তিনি আনন্দিত হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন মন্তব্য ও মনগড়া আলোচনা তাকে বিরক্ত করে। কাজের ব্যস্ততার কারণে এসব মন্তব্য দেখার বা সেগুলো নিয়ে সময় কাটানোর সুযোগও তার নেই বলে জানান কেয়া।