রহস্য, খুন আর সম্পর্কের জটিল মনস্তত্ত্ব নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’। অর্জুন দত্ত পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। পছন্দের পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে জয়া জানান, অর্জুন দত্তের কাজ তার বরাবরই ভালো লাগে। তার পরিচালনায় নতুন সিনেমার অংশ হতে পেরে তিনি আনন্দিত। পাশাপাশি একাধিক দক্ষ শিল্পীর সঙ্গে অভিনয়ের সুযোগকেও বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
জয়া আরও বলেন, সিনেমায় তার চরিত্রটি বেশ আকর্ষণীয়। চরিত্রের বিভিন্ন দিক পর্দায় তুলে ধরার ক্ষেত্রে রয়েছে অভিনয়ের চ্যালেঞ্জ। নিজের চরিত্রটি ভালো লাগার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নির্মাণ শেষে দর্শকদের কাছেও ছবিটি সমাদৃত হবে।
পাহাড়ের মনোরম পরিবেশে একটি অনুষ্ঠানকে ঘিরে আবর্তিত হবে সিনেমার কাহিনি। আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ একটি রহস্যময় বার্তা পরিস্থিতি বদলে দেয়। এরপর সামনে আসতে শুরু করে পরিচিত মানুষদের জীবনের অজানা অধ্যায়। বন্ধুত্ব, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের আড়ালে জমে থাকা ঈর্ষা, বিরোধ এবং বিশ্বাসভঙ্গের ঘটনা গল্পে নতুন মাত্রা যোগ করবে।
জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।
মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপ্রকাশিত সত্য এবং খুনের রহস্যের সমন্বয়ে ‘আরএসভিপি মার্ডার’ দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।