বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও অনিরুদ্ধ রবিচন্দ্র ও কাব্য মারানকে ঘিরে আগ্রহ কমছে না। এবার তাঁদের বিয়ের প্রীতিভোজে কারা হাজির হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। রাজনীতি, চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে জমকালো আয়োজনের প্রস্তুতি চলছে।
আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে বসবে এই প্রীতিভোজের আসর। এর আগে ১১ নভেম্বর গ্রিসে ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেন দক্ষিণী সংগীত পরিচালক অনিরুদ্ধ এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য।
অনুষ্ঠান ঘিরে সবচেয়ে বেশি কৌতূহল রাজনৈতিক অঙ্গনের অতিথিদের নিয়ে। আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ ছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
চলচ্চিত্র অঙ্গন থেকেও থাকছে তারকাদের সমাগম। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে অনিরুদ্ধের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক তৈরি হয়। এ ছাড়া অনিরুদ্ধের পারিবারিক সম্পর্কের কারণে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের উপস্থিতি নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের।
সংগীতজগতের আরেক পরিচিত মুখ এ আর রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে কাজের সূত্রে সুসম্পর্ক রয়েছে।
কাব্যের সঙ্গে ক্রিকেট অঙ্গনের যোগসূত্র থাকায় সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়দেরও দেখা যেতে পারে অনুষ্ঠানে। সব মিলিয়ে প্রীতিভোজটি কেবল নবদম্পতির আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না, বরং ভারতের বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।




