দীর্ঘ বিরতি শেষে আবারও ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী সানজিদা প্রীতি। প্রায় দুই বছর পর নতুন একটি ধারাবাহিকে যুক্ত হয়েছেন তিনি। তানভীর তন্ময়ের পরিচালনায় ‘প্রথম প্রেমের গল্প’ নামের এই নাটকে জেরিন খান চরিত্রে দেখা যাবে তাকে।
এনএএফ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। সপ্তাহে দুটি করে পর্ব প্রকাশ করা হচ্ছে। নাটকের অষ্টম পর্ব থেকে পর্দায় হাজির হবেন সানজিদা প্রীতি।
নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী জানান, দীর্ঘ সময় পর ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। পরিচালকসহ পুরো দলের সঙ্গে এটিই তার প্রথম কাজ। আগের চরিত্রগুলোর তুলনায় এবারের চরিত্রে ভিন্নতা থাকায় অভিনয় করতে ভালো লাগছে বলেও জানান তিনি।
নির্মাতা তানভীর তন্ময়ের ভাষ্য, গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র জেরিন খান বেশ শক্তিশালী। কাহিনিতে নিলয় আলমগীরের চরিত্রের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ অভিনেতা শতাব্দী ওয়াদুদের সঙ্গে অভিনয়ের বিষয়টিও চরিত্রটিকে চ্যালেঞ্জিং করে তুলেছে। এসব বিবেচনায় সানজিদা প্রীতিকে নির্বাচন করেছেন তিনি।
করপোরেট জগতের প্রতিযোগিতা, প্রেম, পারিবারিক গোপনীয়তা ও প্রতিশোধের ঘটনাকে ঘিরে সাজানো হয়েছে ‘প্রথম প্রেমের গল্প’র কাহিনি। তবে প্রচারে আসার পর থেকেই ধারাবাহিকটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। দর্শকদের একাংশের অভিযোগ, পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’ থেকে গল্পটি অনুপ্রাণিত বা নকল করা হয়েছে।
এ অভিযোগের বিষয়ে নির্মাতা জানিয়েছেন, বিদেশি একটি সিরিয়ালের গল্পের সূত্র ধরে কাজ শুরু হলেও পরবর্তী পর্বগুলোতে কাহিনিতে নতুনত্ব ও ভিন্নতা আসবে। ফলে সামনে গল্পের গতিপথে পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা।




