চার দশকের গৌরবময় পথচলা উদ্‌যাপনে দেশব্যাপী ৪০ দিনের নাট্য আয়োজন শুরু করেছে বাংলাদেশ থিয়েটার। শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে ‘কিউট বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর উদ্বোধন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আব্দুল আজিজ, লাকী ইনাম, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, বাংলাদেশ থিয়েটারের অধিকর্তা খন্দকার শাহ আলম এবং ফাতেমা ফারজানা চৌধুরী সুমিসহ বিশিষ্টজনেরা।
উদ্বোধনের পর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে নাট্যশালার লবিতে নাচ, গান ও আবৃত্তির পরিবেশনায় অংশ নেন উদীয়মান শিল্পীরা।
উৎসবের প্রথম দিনের সন্ধ্যায় বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’র ৪৮তম প্রদর্শনী মঞ্চস্থ হয়। প্রথম পর্বের আয়োজন চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
এ পর্বে দেশের বিভিন্ন নাট্যদল তাদের আলোচিত প্রযোজনা নিয়ে অংশ নিচ্ছে। দলগুলোর মধ্যে রয়েছে থিয়েটার বেইলী রোড, দেশ নাটক, বহুবচন, নাটতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি।
নাট্য প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে জাতীয় নাট্যশালার সামনের উন্মুক্ত মঞ্চে থাকবে নৃত্য, সংগীত, আবৃত্তি ও পথনাটক। আর মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে নাটকের প্রদর্শনী।
চার দশকের নাট্যচর্চার অর্জনকে উদ্‌যাপন এবং নতুন প্রজন্মের কাছে মঞ্চনাটককে আরও জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।