ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
সম্প্রতি সিডনিতে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, শহরের একটি শপিং মলের ক্যাফে এলাকায় স্বাভাবিক ও সাবলীল ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। চোখে চশমা, পরনে সবুজ টি-শার্ট ও ডেনিম জ্যাকেট। হাসিমুখে তার ঘুরে বেড়ানোর দৃশ্যটি নজর কেড়েছে অনুসারীদের।
ভিডিওর সঙ্গে নিজের অনুভূতির কথাও তুলে ধরেছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, সিডনির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি জমা হচ্ছে সুন্দর স্মৃতি। নেই কোনো ঝামেলা কিংবা মানসিক চাপ। আছে শুধু হাসি, আনন্দ আর নিজের মতো করে শহরটিকে উপভোগ করার সুযোগ। তাঁর মতে, সব সময় পরিকল্পনা করে চলার প্রয়োজন নেই; কখনো নিজের ইচ্ছেমতো সময় কাটালেও জীবনের সেরা স্মৃতিগুলো তৈরি হতে পারে।
ভিডিওটি প্রকাশের পর ভক্তদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে অনেকে তার সৌন্দর্য ও চিরচেনা হাসির প্রশংসা করেছেন। একজন অনুরাগী মজার ছলে লিখেছেন, ছোটবেলা থেকে তাকে যেমন দেখে আসছেন, এখনো তেমনই আছেন; অথচ সময়ের সঙ্গে নিজেদের বয়স বেড়েছে।
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়া পূর্ণিমার সৌন্দর্য ও সাবলীল উপস্থিতি এখনো দর্শকদের আকর্ষণ করে। বিভিন্ন সময়ে নতুন সাজে সামাজিক মাধ্যমে হাজির হয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। সিডনির সাম্প্রতিক ভিডিওটিও সেই ধারাবাহিকতায় অনুসারীদের মধ্যে আনন্দ ছড়িয়েছে।




