বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের সময় আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় তার আটকাদেশ বৈধ নয় বলে জানিয়েছেন মুম্বাইয়ের বান্দ্রা আদালত।
শনিবার (১৪ নভেম্বর) আদালতে হাজির করা হলে অভিযুক্ত আরিয়ান দীপক জৈনের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন ওঠে। দিল্লির বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর মুম্বাইয়ে নিয়ে এসেছিল পুলিশ।
এর আগে ১৩ নভেম্বর বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সোনাক্ষী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির এক ব্যক্তি তাঁর বিকৃত ছবি ছড়িয়ে দিয়েছেন।
শুনানিতে পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে রাখার আবেদন জানায়। তদন্তকারীদের বক্তব্য ছিল, ছবি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ও ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করার পাশাপাশি ঘটনার বিস্তারিত অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, গ্রেপ্তারের আগে প্রয়োজনীয় আইনি নোটিশ দেওয়া হয়নি। এমনকি গ্রেপ্তারের কারণও যথাযথভাবে জানানো হয়নি। দিল্লি থেকে আটক করে স্থানীয় আদালতে হাজির না করেই সরাসরি মুম্বাইয়ে নেওয়ার বিষয়টিও আদালতের নজরে আনেন তারা।
শুনানিতে আদালত পর্যবেক্ষণ করেন, দিল্লিতে গ্রেপ্তারের পর সেখানকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার নিয়ম মানা হয়নি। এ বিষয়ে তদন্তকারী সংস্থাও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
আইনগত বাধ্যবাধকতা উপেক্ষা করে শুধু তদন্তের স্বার্থে কাউকে হেফাজতে রাখা যায় না বলে মত দেন ম্যাজিস্ট্রেট। এসব বিবেচনায় আরিয়ান দীপক জৈনের গ্রেপ্তার অবৈধ ঘোষণা করে তাঁকে মুক্তির নির্দেশ দেন আদালত।




