উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে পাবনা শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী।
পাবনা জেলা তাঁতীদলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, বিএনপির অঙ্গসংগঠন হিসেবে তাঁতীদল স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁতিদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত সমস্যা সমাধানে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা প্রকৃত তাঁতিদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তাঁতিদের অধিকার আদায় ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মুজিবর রহমান, পাবনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে অধ্যাপক নাজিম উদ্দিন সাগরকে সভাপতি ও বাহারুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পাবনা জেলা তাঁতীদলের কমিটি ঘোষণা করা হয়।